দেশের স্বাধীনতা সংগ্রাম, মহান মুক্তিযুদ্ধ ও সংসদীয় গণতন্ত্র শক্তিশালীকরণে জাতীয় সংসদের সাবেক ডেপুটি স্পিকার শওকত আলীর অবদান জাতি সব সময় শ্রদ্ধার সঙ্গে স্মরণ করবে বলে মন্তব্য করেছেন প্রধানমন্ত্রী শেখ হাসিনা।জাতীয় সংসদের সাবেক ডেপুটি স্পিকার, বীর মুক্তিযোদ্ধা কর্নেল (অব.) শওকত আলীর মৃত্যুতে গভীর শোক ও দুঃখ প্রকাশ করে দেওয়া এক বার্তায় প্রধানমন্ত্রী এ মন্তব্য করেন।
এক শোক বার্তায় শেখ হাসিনা, ১৯৬৯ সালে তৎকালীন পশ্চিম পাকিস্তানি শোষকগোষ্ঠী কর্তৃক রাষ্ট্র বনাম শেখ মুজিবুর রহমান ও আগরতলা ষড়যন্ত্র মামলায় শওকত আলীকে ২৬ নম্বর আসামি করা এবং জাতির পিতা বঙ্গবন্ধু শেখ মুজিবের সাথে একসঙ্গে কারাবাস করার ঐতিহাসিক ঘটনাগুলো অত্যন্ত শ্রদ্ধার সঙ্গে স্মরণ করেন।
প্রধানমন্ত্রী শেখ হাসিনা বলেন, ‘বাংলাদেশের স্বাধীনতা সংগ্রাম, মহান মুক্তিযুদ্ধ এবং সংসদীয় গণতন্ত্র শক্তিশালীকরণে শওকত আলীর অবদান জাতি সবসময় শ্রদ্ধার সঙ্গে স্মরণ করবে। দেশ এক প্রবীণ জননেতাকে হারাল, আমি হারালাম বঙ্গবন্ধুর আদর্শের একজন বিশ্বস্ত সহকর্মীকে।’
প্রধানমন্ত্রী মরহুমের আত্মার মাগফিরাত কামনা করেন এবং তাঁর শোকসন্তপ্ত পরিবারের সদস্যদের প্রতি গভীর সমবেদনা জানান। শওকত আলী লাইফ সাপোর্টে থাকা অবস্থায় আজ সোমবার সকাল সাড়ে ৯টার দিকে ঢাকা সম্মিলিত সামরিক হাসপাতালে মারা যান।